—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগের অন্যতম মাধ্যম চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌরুটে ফেরি চলাচল টানা দুই দিন ধরে বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এতে নদীর দুই পাড়ে শত শত পণ্যবাহী যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকেলে সরেজমিনে ঘাট এলাকায় দেখা যায়, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় ট্রাকে থাকা মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। এছাড়া ঘাটে থাকা-খাওয়ার সুব্যবস্থা না থাকায় চালক ও সহকারীরা মানবেতর দিন কাটাচ্ছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকায় নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার থেকেই ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, “আবহাওয়ার পরিস্থিতি উন্নত হওয়া মাত্রই পুনরায় ফেরি চলাচল শুরু করার নির্দেশনা দেওয়া আছে।”
ফেরি বন্ধ থাকলেও কিছু কিছু ছোট নৌযানকে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পার হতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
বর্তমানে নদী পারাপারের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় পরিস্থিতির উত্তরণে আবহাওয়ার উন্নতি হওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।