—ছবি মুক্ত প্রভাত
নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলে ধান কাটার সময় চাল ও পানি খেয়ে ৮ জন কৃষি শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) আড়াইটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াবাড়ি গ্রামের কৃষি শ্রমিকরা ওই এলাকার আব্বাস আলী নামে এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজ করছিলেন। দুপুরে কাজ করার সময় তৃষ্ণার্ত শ্রমিকদের জমির মালিকের বাড়ি থেকে ভেজানো চাল ও পানি খেতে দেওয়া হয়। তা খাওয়ার কিছুক্ষণ পরেই শ্রমিকদের মধ্যে বমি, তীব্র মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। একে একে ৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
অসুস্থ শ্রমিকরা হলেন—মোঃ আনোয়ার (৩০), আজাদ (৪০), রমিজুল (৩৮), ইয়াসিন (২৫), ইউসুফ (২৬), হাসেম (৪০), মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তারা সকলেই ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের বাসিন্দা।
অসুস্থ শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, "ধান কাটার সময় খুব পিপাসা লাগলে মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমরা সবাই অসুস্থ বোধ করতে থাকি।"
সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি 'ফুড পয়জনিং' বা খাবারে বিষক্রিয়ার ঘটনা। অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত।"
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ মিশলো বা এটি কোনো দুর্ঘটনাবশত ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় অভিযুক্ত জমির মালিক আব্বাস আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।