—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী জেলা শহর মাইজদীতে সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় মো. আলাউদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং নিজেকে যুবলীগ কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজি অটোরিকশার উপরে দুটি মাইক বেঁধে শহরে বের হন আলাউদ্দিন। অটোরিকশার ভেতরে বসে তিনি মাইকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।
পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যাওয়ার পথে তিনি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অটোরিকশা থামিয়ে সড়কে দাঁড়িয়েও স্লোগান দেন। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে তেড়ে এলে তিনি পুনরায় অটোরিকশায় ওঠার চেষ্টা করেন। তবে বিক্ষুব্ধ জনতা তাকে ও অটোরিকশা চালককে টেনেহিঁচড়ে নামিয়ে গণপিটুনি দেয়। একপর্যায়ে মাইক ও অ্যাম্প্লিফায়ার কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে স্লোগানে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে। পরবর্তীতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, "জনতার পিটুনিতে আলাউদ্দিন আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবকের কিছুটা মানসিক সমস্যা থাকতে পারে। তবে আইন অমান্য করে নিষিদ্ধ স্লোগান দেওয়ায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
শহরে চাঞ্চল্য
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রকাশ্য দিবালোকে মাইক বাজিয়ে নিষিদ্ধ স্লোগান দেওয়ার এই ঘটনায় জেলা শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই জেলা আওয়ামী লীগ কার্যালয় ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।