—ছবি মুক্ত প্রভাত
জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে গ্রেড-১ পদমর্যাদায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব পালন করবেন।
সৈয়দ আবদাল আহমদ বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিশিষ্ট এই সাংবাদিকের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাছিরপুর গ্রামে। তাঁর এই নিয়োগের খবরে নিজ জেলা ও উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
তথ্য অধিদপ্তরের প্রধান হিসেবে তিনি দেশের তথ্য প্রবাহ নিশ্চিতকরণ এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় সাধনে কাজ করবেন। আগামীকাল সোমবার অথবা পরবর্তী সুবিধাজনক সময়ে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।