—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী সদর উপজেলায় গাঁজাসহ হাতেনাতে চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আজ রোববার বিকেলে সোনাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার টুমচর এলাকার মো. জাকির (৪০), ইজ্জতপুর গ্রামের মো. ফরহাদ (২০), মহব্বতপুর গ্রামের মো. শরীফ (২২) ও বাংলাবাজার এলাকার মো. ওমর ফারুক (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোনাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি গাঁজাসহ ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. কাউসারী আক্তার, আনিছুর রহমান এবং মো. শাহাদত হোসেন তাঁদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ মুক্ত প্রভাত-কে বলেন, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্তদের আজই জেলহাজতে পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।