—ছবি মুক্ত প্রভাত
নাটোরের সিংড়ায় ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি মৌসুমি শ্রমিক হিসেবে সিংড়ায় ধান কাটার কাজ করতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে একদল শ্রমিকের সঙ্গে মাঠে ধান কাটতে যান সম্রাট। বিকেলে ধান কাটা শেষ করে ধানের বোঝা মাথায় নিয়ে ওই গ্রামের জনৈক আউয়ালের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো করে ঝড়-বৃষ্টি শুরু হলে সম্রাট মাথার বোঝা নামিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। তখনই আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
অন্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ধানকাটা শ্রমিকের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।