—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
নিহত যুবকের নাম মো. আবু বকর সিদ্দিক (৩৫)। তিনি উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রামের মৃত হাজি আমিন উল্লাহর ছেলে। তিনি গাজীপুরের চৌরাস্তা এলাকায় তাঁর বড় ভাইয়ের খাবার দোকানে কাজ করতেন। কিছুদিন আগে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্দিক নিজ বাড়ির সিঁড়িতে বসে মোবাইল ফোন দেখছিলেন। এ সময় ৫-৭ জনের একদল দুর্বৃত্ত তাঁকে তুলে নিয়ে বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তাঁর মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তাঁকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মুক্ত প্রভাত-কে বলেন, "প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ নোয়াখালীতে আনা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও আঘাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।"
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। পুলিশ জানিয়েছে, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।