—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে ইয়াবাসহ নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রোববার দুপুরে মাদক সংক্রান্ত অপরাধে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক তিনজনকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌরসভার গোপীনাথপুর গ্রামের মো. শামীম (৩৫), মো. বাবুল (৩৮) এবং বিলমহিষারচর গ্রামের মো. সোহেল রানা (২৬)।
এর আগে, গত শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার নাগডেমরা ইউনিয়নে অভিযান চালিয়ে মো. রাকিব ওরফে ফখরুদ্দিন (২১) নামের এক যুবককে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রাকিব সেলন্দা গোরস্থানপাড়া গ্রামের মো. জলিল সরকারের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মুক্ত প্রভাত-কে বলেন, "মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"