—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহিউদ্দিনের মেয়ে। দুই বোনই স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত দুই বোন। সকালে মাদরাসা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি খামারের পুকুরে গোসল করতে যায় তারা। একপর্যায়ে ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। তখন দুই বোনই গভীর পানিতে তলিয়ে যায়।
পরে অনেকক্ষণ তাদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করা হয়। পরে জাল ফেলে উদ্ধার করা হয় অন্য বোনের মরদেহ। তাৎক্ষণিকভাবে দুই শিশুকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস মুক্ত প্রভাত-কে বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই সঙ্গে দুই মেয়ের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।