—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত ‘দেলোয়ার বাহিনী’র প্রধান মো. দেলোয়ার হোসেনকে (৩৫) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এলাকায় ত্রাস হিসেবে পরিচিত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি রোববার (২৬ এপ্রিল) সকালে নিশ্চিত করেছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলাদীনগর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দেলোয়ারকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের মৃত ছায়দল হকের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনসহ মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা রয়েছে। এলাকায় ‘দেলোয়ার বাহিনী’ গড়ে তুলে তিনি দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
অস্ত্র ও ধর্ষণ মামলার আসামির মাদকসহ পুনরায় গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে।