—ছবি মুক্ত প্রভাত
রোববার বেলা ১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের এক যাত্রী স্টেশনের ওভার ব্রিজের লোহার খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
এই স্টেশনের কর্তব্যরত স্টেশন মাষ্টার আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকে এক যাত্রী মাথা বের করে দেখছিলেন।
এ সময় ওভার ব্রিজের লোহার খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি। উল্লাপাড়া স্টেশনে এই ট্রেনের বিরতি নেই। নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ২২/২৩ বছর হবে বলে অনুমান করা হচ্ছে।
তার পড়নে অফ হোয়াইট রঙের একটি টি-শার্ট এবং প্রায় একই রঙের একটি টাউজার ছিল। এ ব্যাপার সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা মরদেহ নিয়ে যাবে এবং পরিচয় সনাক্তের চেষ্টা করবেন বলে উল্লেখ করেন স্টেশন মাষ্টার।