—ছবি মুক্ত প্রভাত
রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)।
রোববার (২৬ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে গোবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. নাঈম আশরাফ খাঁন বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য প্রকাশের পথে তাদের ওপর হামলা চালানো মানে পুরো গণতন্ত্রের ওপর আঘাত। গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ডুজা (DUJA) সদস্যদের ওপর ছাত্রদল যে বর্বরোচিত হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।"
সমাপনী বক্তব্যে সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি রাসেল হোসেন বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কাজ করেছিলেন। কিন্তু বর্তমানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যেভাবে সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।"
এশিয়া পোস্টের প্রতিনিধি ও গোবিপ্রবিসাসের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক বাংলার শাকিল আহমেদ, দৈনিক সকালবেলার ইসতিয়াক আহমেদ আসিফ এবং শেয়ারবিজের প্রতিনিধি আব্দুল্লাহ আর রাফি।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সত্যের কণ্ঠরোধ করা যাবে না। তারা অবিলম্বে সরকারের কাছে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।