—ছবি সংগৃহিত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, তাকে বারবার নতুন মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সাবেক মেয়র আইভীর পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। শুনানিতে তারা অভিযোগ করেন, জামিন পাওয়ার পরও আইভীকে একের পর এক মামলায় জড়িয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে। আদালত শুনানি শেষে তাকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দেন।
শুনানি শেষে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে বলেন, "সেলিনা হায়াৎ আইভী এ পর্যন্ত ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। কিন্তু জামিন পেলেই আবার নতুন দুই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এভাবে বারবার গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করেই আমরা রিট আবেদন করেছিলাম।"
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় করা বিভিন্ন মামলায় ডা. আইভীকে আসামি করা হয়েছে। গত ১৩ এপ্রিল আরও একটি নতুন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের এই নতুন আদেশের ফলে তার মুক্তিতে আইনি জটিলতা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন তার আইনজীবীরা।