—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ২৭শ লিটার অবৈধ ডিজেলসহ মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর মুক্তারিয়া ঘাটে এই অভিযান চালানো হয়।
হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারার কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫টি ড্রাম (ব্যারেল) থেকে মোট ২ হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন জাহাজমারা ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে। পুলিশের ভাষ্যমতে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে অবৈধভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করা হয়েছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান: জব্দকৃত ডিজেল বর্তমানে জাহাজমারা তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এই ঘটনায় হাতিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।