—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর সেনবাগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ট্রাকচালকসহ দুইজন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে গাছের চারা নিয়ে ট্রাকটি নোয়াখালী জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিল। সকাল ৭টার দিকে সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি 'শাহ সিমেন্ট'র কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন: মো. আল আমিন (৫৫): ট্রাকচালক, বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামে। মো. ফয়সাল (৩৫): নার্সারি ব্যবসায়ী, তাঁর বাড়ি বরিশাল জেলায়।
উদ্ধার করে তাদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে দুজনেই মৃত্যুবরণ করেন। এছাড়া ট্রাকের সামনের আসনে থাকা অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকা পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।