—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার তমরদ্দি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুদের দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তমরদ্দি বাজারের “বেলায়েত মটর পার্টস” নামক একটি দোকানে অবৈধ জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তল্লাশি চালায়। অভিযানে দোকানটি থেকে ৮টি ব্যারেলে থাকা মোট ১ হাজার ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মফিজ উদ্দিন ফারুক। তিনি তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত রফিকুল হায়দারের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দকৃত ডিজেল থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।"
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।