—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী সদর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে একটি পিকআপ ভ্যান ভর্তি ২ হাজার ২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া এই জ্বালানি তেলের বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী (৪৫) ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী মেম্বারের ছেলে।
যেভাবে লুট হলো তেল
ভুক্তভোগী ট্রলার মালিক মো. সিরাজ মাঝি জানান, চট্টগ্রামে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারির পর তাঁদের পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে নেওয়া হয়। এসব ট্রলারের জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২ হাজার ২০০ লিটার ডিজেল সংগ্রহ করে একটি পিকআপ ভ্যানে করে পাঠানো হচ্ছিল। গভীর রাতে গাড়িটি চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিজাম উদ্দিন ও তাঁর সহযোগীরা সেটির গতিরোধ করেন।
সিরাজ মাঝির অভিযোগ, অভিযুক্তরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তেলসহ পিকআপটি ছিনিয়ে নিয়ে যান। পরদিন বুধবার সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা হলেও তেল পাওয়া যায়নি।
অর্থ দাবির অভিযোগ
ভুক্তভোগীর দাবি, ডিজেল ফেরত দেওয়ার বিনিময়ে নিজাম উদ্দিন এখন তাঁর কাছে ১ লাখ টাকা দাবি করছেন। এ ছাড়া লুণ্ঠনের সময় চালকের কাছে থাকা নগদ ১ লাখ টাকা ও একটি মেশিনের কুলারও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার ও পুলিশের বক্তব্য
জানতে চাইলে আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চৌধুরী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ‘প্রকৃত লুটকারীদের বিষয়ে ভুক্তভোগী অবগত আছেন, কিন্তু তিনি তাদের নাম প্রকাশ করছেন না।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তিনি নিজেই তেল উদ্ধারের চেষ্টা করবেন বলে পুলিশকে জানিয়েছেন। যদি তিনি ব্যর্থ হন, তবে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।