ছবি সংগৃহিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালি অবরোধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সামরিক শক্তির আস্ফালন থাকলেও এই অবরোধ কার্যকর করা মার্কিন বাহিনীর জন্য একটি ‘কঠিন অভিযান’ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মুহাম্মদ ইসলামি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঝুঁকির কথা জানান। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টা (ওয়াশিংটন সময় সকাল ১০টা) থেকে এই অবরোধ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
বিশাল জলপথে ট্যাঙ্কার থামানোর চ্যালেঞ্জ
গবেষক মুহাম্মদ ইসলামি প্রশ্ন তুলেছেন, মার্কিন বাহিনী কি সত্যিই এই বিশাল জলপথে দানবীয় সব সুপারট্যাঙ্কার আটকে দিতে সক্ষম হবে? তাঁর মতে, হরমুজ প্রণালির মতো বিস্তৃত ও কৌশলগত এলাকায় জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল একটি প্রক্রিয়া। তিনি বলেন, “এটি মার্কিন বাহিনীর জন্য একটি কঠিনতম অভিযানে পরিণত হতে পারে।”
ইরানের পিঠ দেয়ালে ঠেকেছে
বিশ্লেষকরা বলছেন, ইরান বর্তমানে চরম সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে তেহরান যেকোনো কঠোর পদক্ষেপ নিতে পারে। ইসলামি মনে করেন, ইরান বর্তমানে ওয়াশিংটনকে একটি ‘শক্তিশালী বার্তা’ দেওয়ার অপেক্ষায় আছে।