ছবি সংগৃহিত
জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজপথের এই আন্দোলন সফল করেই বিরোধী দল ঘরে ফিরবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১-দলীয় ঐক্য।
‘জুলাই নাই কিছুই নাই’
সেমিনারে শফিকুর রহমান বর্তমান সরকার ও সংসদ সদস্যদের জুলাই গণ-অভ্যুত্থানের ফসল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “জুলাই আছে আমরা আছি, জুলাই আছে সরকার আছে। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। তিলে তিলে এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে।”
সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, অধিকারের লড়াইয়ে যতদিন প্রয়োজন সংসদে থাকা হবে, কিন্তু কারও ‘জমিদারি’ মানা হবে না। একইসঙ্গে দেশের ব্যাংকিং খাত, বিশেষ করে ইসলামী ব্যাংককে ‘দলীয়করণ’ করার চেষ্টার বিরুদ্ধে জনগণকে জেগে ওঠার আহ্বান জানান তিনি।
বিএনপির বিরুদ্ধে ‘বরখেলাপের’ অভিযোগ
সেমিনারে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ ও জুলাই আদেশের মধ্যে কৃত্রিম বিরোধ তৈরি করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঐক্যমত কমিটির প্রতিনিধিরা গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
‘জনগণকে ইঁদুর ভাবছে বিএনপি’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “ক্ষমতার মসনদে বসে বিএনপি জনগণকে ক্ষুদ্র মনে করছে। তারা জনগণকে ইঁদুর আর নিজেদের সিংহ ভাবছে।” বিশ্ব ইতিহাসে গণভোটকে উপেক্ষা করার নজির নেই উল্লেখ করে তিনি বিএনপিকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ না হওয়ার পরামর্শ দেন।
সেমিনারে আরও বক্তব্য দেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বক্তারা একযোগে জুলাই যুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন।