—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল পর্ব। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পঞ্চক্রোশী ইউনিয়ন পর্যায়ের এই প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
টুর্ণামেন্টের প্রথম পর্বে অংশগ্রহণ করে বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল এবং দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ৩–০ গোলে জয়লাভ করে বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল।
দ্বিতীয় পর্বে অংশ নেয় বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ফুটবল দল এবং শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ফুটবল দল। খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক। শেষ পর্যন্ত বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যাকান্দি এনএম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, মোজাহার হোসেন, ফরিদুল ইসলাম, চমন আরাস্তা শিউলী ও সালমা খাতুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ জহুরুল ইসলাম এবং গোলাম মোস্তফা। তাদের দক্ষ পরিচালনায় খেলাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় খেলোয়াড়দের উৎসাহ ও ভবিষ্যতে আরও ভালো খেলার আহ্বান জানানো হয়।