—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের রহমত উল্লাহর ফার্নিচারের দোকান থেকে প্রথমে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ফার্নিচারের দোকান ও একটি ওষুধের দোকানসহ মোট সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই দোকানগুলোতে থাকা মূল্যবান আসবাব ও ওষুধসহ সব মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেক ব্যবসায়ীকে আজ শনিবার সকালে বাজারের ধ্বংসস্তূপের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।’
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ।