—ছবি মুক্ত প্রভাত
পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র তিন মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ (২৬)। লক্ষ্য ছিল কঠোর পরিশ্রমে ঘোচাবেন অভাব, নিশ্চিত করবেন আড়াই বছরের কন্যাসন্তানের ভবিষ্যৎ। কিন্তু একটি দুর্ঘটনা তছনছ করে দিল সব স্বপ্ন। সৌদি আরবের দাম্মামে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন এই তরুণ।
নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার বিকেলে দাম্মামে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ছাতারপাইয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে ধারদেনা করে জীবিকার তাগিদে সৌদি আরবে যান ইউসুফ। শুক্রবার বিকেলে তিনি একটি নির্মাণাধীন ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি দেয়াল তাঁর ওপর ধসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় তাঁর পরিবার। আড়াই বছরের অবুঝ সন্তান আর স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির পরিবেশ।
সাবেক ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন বলেন, "ছেলেটা অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল। তিন মাস না যেতেই লাশ হয়ে ফিরতে হচ্ছে তাকে। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।"
নিহতের পরিবার ও এলাকাবাসী ইউসুফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।