—ছবি সংগৃহিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন আলোচনা যদি ব্যর্থ হয়, তবে ইরানে আবারও সামরিক হামলা চালানো হবে। এই লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে আধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ মজুদ করা হচ্ছে বলেও জানান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এ পর্যন্ত তৈরি করা সর্বশ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তুলছি। যদি সমঝোতা না হয়, তবে আগের চেয়েও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হবে। আগের হামলায় আমরা তাদের (ইরান) চূর্ণবিচূর্ণ করে দিয়েছিলাম।’
বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদে বসতে যাওয়া এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই কড়া বার্তা মূলত ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও স্পষ্ট করে বলেন, ‘ইসলামাবাদে যদি কোনো কার্যকর সমঝোতা না হয়, তবে আমাদের এই শ্রেষ্ঠ অস্ত্রগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হবে।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই আলোচনার দিকে তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়। তবে আলোচনার আগেই ট্রাম্পের এমন ‘যুদ্ধংদেহী’ মনোভাব নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।