—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন ‘নূরানী ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে পাম্পটিতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছিল। বিকেল সাড়ে চারটার দিকে পাম্পের মজুদ তেল শেষ হয়ে যায়। এ সময় তেল নেওয়ার জন্য লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। পাম্প কর্তৃপক্ষ তেল শেষ হওয়ার কথা জানালে লাইনে থাকা চালকেরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা পাম্পের অফিস কক্ষে অতর্কিতে হামলা ও ভাঙচুর চালান।
নূরানী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন বলেন, ‘তেল শেষ হয়ে যাওয়ায় আমরা সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হই। কিন্তু মোটরসাইকেলচালকেরা কোনো কথা না শুনেই হঠাৎ হামলা শুরু করেন। তাঁরা আমাদের অফিস কক্ষের আসবাব ও গ্লাস ভাঙচুর করেছেন।’
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।