—ছবি সংগৃহিত
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত দুইজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় গত রোববার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলি গণমাধ্যম ও উদ্ধারকারী সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরা।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হাইফার একটি আবাসিক এলাকায় ইরানের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে একটি ছয়তলা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আংশিক ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে পড়েন। দীর্ঘ প্রচেষ্টার পর সেখান থেকে দুইজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনো অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে সোমবার সকাল থেকেও তৎপরতা চলছে। তবে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। যেকোনো সময় ভবনটি পুরোপুরি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এই হামলায় ১০ মাস বয়সী এক শিশু এবং ৮২ বছর বয়সী এক বৃদ্ধসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সোমবার সকালেও হাইফায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা এই উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে, যা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।