—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক অভিযান চালিয়ে আন্তজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১১। তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৭৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার তপাদার বাজার এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী পূর্ব বাজার এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ কড়ইতলা এলাকার মো. হারুন (৩৫), দিলসাতপুর এলাকার মো. সুমন ওরফে ইলেকট্রিক সুমন (৪৪) এবং ছিলাদি এলাকার মো. বাবুল হোসেন (২২)।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের তপাদার বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ক্রেতা সেজে অবস্থান নেন। ইয়াবা বিক্রির সময় ৩ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে হারুন ও সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরও ৭৯৮ পিস ইয়াবাসহ বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পেশায় গাড়িচালক হলেও এর আড়ালে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এর মধ্যে বাবুল হোসেন অটোরিকশা চালকের ছদ্মবেশে খুচরা মাদক বিক্রি করতেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ২০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।