—ছবি মুক্ত প্রভাত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গোবিপ্রবি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৩ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর। এর মধ্যে ৩ হাজার ১৫০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন ৬৬৩ জন। অর্থাৎ উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৬১ শতাংশ।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ নাজমুল আহসান। এর আগে তাঁরা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরিদর্শন শেষে উপাচার্য হোসেন উদ্দিন শেখর সন্তোষ প্রকাশ করে বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু পরীক্ষা গ্রহণ সম্ভব হয়েছে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, আগামী ১০ এপ্রিল বেলা ১১টায় গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৫০৫টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭৫৫টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘সি’ ইউনিটে ২৫০টি আসন বরাদ্দ রয়েছে।