—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিয়েছে। এতে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা হোরগাতী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রংপুর থেকে ‘বুসরা এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে কামারখন্দ উপজেলার নলকা হোরগাতী ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগামী বাসটি সজোরে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।