—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী সদর উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৮) নামের এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের আয়কর অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সাখায়েত উল্যার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৌমুহনী থেকে মাইজদীর দিকে যাচ্ছিল। বাসটি মাইজদী বাজার আয়কর অফিসের সামনে পৌঁছালে রাজু হঠাৎ চলন্ত বাস থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের সঙ্গেই ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত তিনি বাস থেকে পড়ে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় রাজুর সহকর্মী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।