—ছবি মুক্ত প্রভাত
নাটোরের বড়াইগ্রামে উন্নত জাতের পাট চাষে উদ্বুদ্ধ করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পাট কর্মকর্তা মো. মমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মারফুদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন এবং উপজেলা বিআরডিপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আলী।
বীজ বিতরণকালে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। সঠিক সময়ে মানসম্মত বীজ বপন করে ফলন বাড়াতে তিনি কৃষকদের পরামর্শ দেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত কৃষক-কৃষাণীরা এই কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নত মানের পাটবীজ সংগ্রহ করেন। উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।