-ছবি মুক্ত প্রভাত
নাটোরের লালপুরে একটি পেট্রোল পাম্পে অনিয়ম করে কন্টেইনারে তেল দেওয়ার ভিডিও ধারণ করার সময় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কদিমচিলান এলাকার ‘সাদিয়া ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক ওমর ফারুক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই পাম্পে সাধারণ গ্রাহকদের মাত্র ১০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। এ সময় তিনটি বড় কন্টেইনারে (প্রতিটি ৫০ লিটার) একজনকে তেল দেওয়ার দৃশ্য দেখে ওমর ফারুক তার মুঠোফোনে ভিডিও ধারণ করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী।
ওমর ফারুকের অভিযোগ, ভিডিও করতে দেখে আব্দুল বারী প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে সেখানে উপস্থিত পুলিশের সামনেই ৫-৬ জন ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল বারী হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি মারধরের সঙ্গে জড়িত নই। তবে তাকে ভিডিও করতে নিষেধ করেছিলাম। এরপর সেখানে থাকা কিছু উত্তেজিত লোক তাকে মারধর করেছে।’
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। সাংবাদিক ওমর ফারুক বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।