—ছবি সংগৃহিত
জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে ২০ মিনিটের এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে দুই নেতার এমন সৌজন্যবোধকে ‘স্বাভাবিক শিষ্টাচার’ হিসেবে দেখছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘প্রধানমন্ত্রীর সৌজন্যতা, বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ’ শিরোনামে বৈঠকের ছবি প্রকাশ করা হয়। ছবিতে দুই নেতার সঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখা গেছে।
জানাজা শেষে একান্ত আলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন। জানাজা শেষে সংসদ ভবনের দিকে ফেরার পথে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী তাঁকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান (রুমন) জানান, দুই নেতা প্রায় ২০ মিনিট একান্ত আলাপ করেন। আলাপ শেষে প্রধানমন্ত্রী সৌজন্যবশত বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয় পর্যন্ত খানিকটা পথ এগিয়ে দেন। উপস্থিত সংসদ সদস্য ও কর্মকর্তারা প্রধানমন্ত্রীর এই আচরণের প্রশংসা করেন।
‘মুগ্ধ সাধারণ মানুষ’
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্য দেখান। নির্বাচনের আগে ও পরে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর এমন আচরণে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছে। আজ বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিয়ে তিনি তাঁর স্বাভাবিক সৌজন্যেরই বহিঃপ্রকাশ ঘটালেন।’
দিলারা হাফিজ গত শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর জানাজায় মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।