—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের একটি ভবনের শয়নকক্ষ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—একলাশপুর ইউনিয়নের মো. মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার হৃদয় সাহা (৩২) ও শিপন চন্দ্র ঘোষ (৩২)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর পৌনে দুইটার দিকে একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ‘মা-মনি নিবাস’ নামের একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। ওই ভবনের ৬ নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মূল হোতা সাকিবের শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে ওই কক্ষ থেকে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারের আস্তানা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ওই ফ্ল্যাটটিকে মাদক বিক্রির আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিলেন। সেখান থেকেই বিভিন্ন স্থানে বিদেশি মদ সরবরাহ করা হতো। এলাকাবাসীর অগোচরেই দীর্ঘ দিন ধরে এই কারবার চলছিল বলে ধারণা করছে পুলিশ।
আইনি ব্যবস্থা
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।