—ছবি মুক্ত প্রভাত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য শাখা) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৫২ শতাংশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে মোট ১ হাজার ৭০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৮৩ জন এবং অনুপস্থিত ছিলেন ১৮৭ জন। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। কেন্দ্র পরিদর্শনের আগে তাঁরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে উপাচার্য হোসেন উদ্দিন শেখর বলেন, ‘কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল একযোগে কাজ করেছে।’
পরবর্তী পরীক্ষার সূচি:
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৩ এপ্রিল বেলা ১১টায় মানবিক শাখার (বি ইউনিট) এবং ১০ এপ্রিল একই সময়ে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১০ এপ্রিল বিকেল ৩টায় আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে গোবিপ্রবিতে ‘সি’ ইউনিটে ২৫০টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘এ’ ইউনিটে ৭৫৫টিসহ সর্বমোট ১ হাজার ৫০৫টি আসন রয়েছে।