—ছবি সংগৃহিত
যশোর সদর উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের জানালা ও দরজা দিয়ে দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন অন্তত ৫০ জন যাত্রী। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে যশোর থেকে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে বাসটি বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মহাসড়কের পাশে বাসটি দাউ দাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি ছাড়ার আগেই চালক ইঞ্জিনে ত্রুটির কথা মালিকপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু মালিকদের জোরাজুরিতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো যাত্রী হতাহত না হলেও বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।