—ছবি সংগৃহিত
সৌদি আরবে মো. জামশেদ (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশটির আবা শহরের কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
নিহত জামশেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবু নাছেরের ছেলে। দুই সন্তানের জনক জামশেদ মাত্র ১৪ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
যেভাবে মৃত্যু
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, জামশেদ সৌদি আরবের নাজরান এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে নিজ ভাড়া বাসায় অবস্থানকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ কিং খালেদ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
পরিবারে শোকের মাতম
জামশেদের মৃত্যুর খবর নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। নিহতের চাচাতো ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সামছুল আলম রিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সবাই দিশেহারা।
মরদেহ দেশে আনার আকুতি
নিহতের পরিবার ও স্বজনরা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে জামশেদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তারা এ বিষয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।