—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লাগা এই আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মুক্ত প্রভাতের সবশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ফল দোকান, মুদিদোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান ও ভাঙারির দোকানসহ ২০ জন মালিকের মোট ২৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
আজ বুধবার সকালে সরজমিনে দেখা যায়, পুড়ে যাওয়া দোকানের সামনে ভিড় করে আছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। ব্যবসায়ীদের দাবি, এই বাজারটিই ছিল তাঁদের জীবিকার প্রধান অবলম্বন। আগুনে দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তাঁরা এখন নিঃস্ব।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, "খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে।"
ঘটনার সময় বাজারে লোকসমাগম কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।