—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে লাগা এই আগুনে বাজারের ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ৪টি দোকান ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি খাবারের হোটেল।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম চৌধুরী প্রথম আলোকে বলেন, "খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে চারটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ৪ লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে।"
আগুনের সঠিক কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুক্ত প্রভাতের সবশেষ খবর পেতে Google News অনুসরণ করুন