—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নম্বর বাগবাটি ইউনিয়ন পরিষদের সচিব মো. মাসুদ রানার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মুক্ত প্রভাতের সবশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে সচিব মাসুদ রানা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করছেন।
চাল চুরির অভিযোগ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ব্যাপক কারচুপি করা হয়েছে। রাজিবপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “আমাদের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৮ থেকে সাড়ে ৮ কেজি। গরিব মানুষের হক মেরে খাওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।” শতাধিক কার্ডের বিপরীতে এভাবে চাল কম দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
সেবা নিতে গুনতে হচ্ছে হাজার টাকা
শুধু চাল বিতরণ নয়, জন্মনিবন্ধন ও ওয়ারিশান সনদ দেওয়ার নামেও বাণিজ্যের অভিযোগ উঠেছে। ঘোড়াচড়া গ্রামের নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “নির্ধারিত ফির বাইরে কয়েক হাজার টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে মাসের পর মাস ঘোরানো হয়। সাধারণ মানুষ এখন ইউনিয়ন পরিষদে যেতে ভয় পায়।”
ফুলকোচা গ্রামের মো. ইব্রাহিম বলেন, সচিব অর্থের বিনিময়ে কাজ করছেন এবং অসহায় মানুষের নাগরিক সেবা প্রদানে চরম অবহেলা দেখাচ্ছেন।
প্রশাসনিক স্থবিরতা
ইউনিয়নে বর্তমানে কোনো স্থায়ী চেয়ারম্যান না থাকায় দাপ্তরিক কাজে স্থবিরতা নেমে এসেছে বলে জানান এলাকাবাসী। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জেলা শহরে অবস্থান করায় সাধারণ মানুষকে ছোটখাটো কাজের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এই সুযোগে সচিব মাসুদ রানা একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন বলে মানববন্ধনে জানানো হয়।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্ত সচিবের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।