—ছবি মুক্ত প্রভাত
অপরাধিদের তথ্য প্রশাসনের কাছে পৌঁছে দিতে বিশেষ ‘হটলাইন’ নম্বর চালু করা হচ্ছে। নম্বরটি চালু হলে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, মাদক পাচারসহ নানা অপরাধের তথ্য প্রদান সহজলভ্য হবে। সাধারণ মানুষের জন্য এই সুবিধা চালু করতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
সোমবার (২৩ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। সেইসাথে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।
প্রতিমন্ত্রী বলেন, নাটোরের লালপুরে মাদক, ধর্ষণ, সাইবার অপরাধ এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে। বিশেষ করে হটলাইন নম্বর চালু করে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করতে হবে। অভিযোগ এলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে থানা এবং উপজেলা প্রশাসনকে সক্রিয় থাকতে হবে।
তিনি বলেন, লালপুরে ইমো হ্যাকিংসহ নানা ধরণের সাইবার অপরাধ রয়েছে। ফিলিং স্টেশনগুলোতে জ¦ালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এসব সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। সাধারণ মানুষ যাতে তাদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সে লক্ষ্যে ২৪ মার্চের মধ্যেই হটলাইন সেবা চালু করার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাস দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।