—ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলা টিটিসি মিলনায়তনে ‘নাসিরনগর উপজেলাবাসী’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ নম্বর নির্বাচনী এলাকা থেকে বিজয়ী এই জননেতাকে বরণ করে নিতে এদিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও গণসংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ হান্নান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা নাসিরনগরের উন্নয়নে দলমত নির্বিশেষে নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। সংবর্ধিত অতিথি এম এ হান্নান এমপি তাঁর বক্তব্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অবহেলিত নাসিরনগরকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে তাঁর আগামী দিনের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি মো. আছমত আলীসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা শেষে স্থানীয় সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।