—ছবি মুক্ত প্রভাত
পাবনার সাঁথিয়ায় এক কৃষকের স্বপ্ন তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুষ্পপাড়া গ্রামে রাতের আঁধারে হাফিজুল ইসলাম (২৮) নামের এক কৃষকের প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এতে ওই কৃষকের অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার পুষ্পপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাফিজুল ইসলাম ওই গ্রামের হাকিম খাঁর ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যানালপাড়ে নিজের ৫০ শতাংশ জমিতে শবরি কলার চাষ করে আসছিলেন। বাগানে প্রায় এক হাজার গাছ ছিল। অনেক গাছে ইতিমধ্যেই কলার কাঁদি আসতে শুরু করেছিল। শনিবার রাতে কে বা কারা শত্রুতা করে বাগানের ছোট-বড় সব গাছ কেটে ফেলে রেখে যায়। রোববার সকালে বাগানে গিয়ে গাছগুলো মাটিতে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন হাফিজুল।
ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দা আয়েশা খাতুন বলেন, “মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন জঘন্য কাজ মানুষ কীভাবে করে? অনেক গাছে কলার কাঁদি চলে এসেছিল। এই অপরাধের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এভাবে ফলন্ত গাছ কেটে ফেলা অত্যন্ত নেতিবাচক একটি কাজ। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করব ভুক্তভোগী কৃষককে সরকারি প্রণোদনা বা কোনো কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করার।”
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া না গেলেও পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।