—ছবি মুক্ত প্রভাত
‘গণতন্ত্র ফিরিয়ে আনার চ্যালেঞ্জ শেষ হয়েছে। এখন চ্যালেঞ্জ গণতন্ত্র সমুন্নত রাখার। জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি। এ জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ নেতৃত্ব। বিএনপির লক্ষ্য পূরণে নাটোরের উন্নয়নে চার সংসদ সদস্যকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রবিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গৌরিপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন, সমাজ কল্যান প্রতিমন্ত্রী লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।
প্রতিমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাতীয় সংসদের হুইপ নাটোর-২ আসনের সংসদ সদস্য এড রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উপস্থিত ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আবদুল আজিজ। অনুষ্ঠানে নাটোরের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়ের ক্ষেত্রে নিজেদের ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী ও হুইপসহ চার সংসদ সদস্য।
সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। এজন্য প্রয়োজন ৪টি আসনের সংসদ সদস্যেদের ঐক্যবদ্ধ ভূমিকা। ঐক্যবদ্ধ থাকলে দেশের মধ্যে নাটোর জেলাকে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিতে মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ‘বর্তমানে দেশের তেলের বাজারে অস্থিরতা চলছে। এই অস্থিরতা মোকাবিলা করে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে কাজ করা হচ্ছে। শুধু তেল নয় নিত্যপ্রয়োজনীয় সব বিষয়ে সমন্বয়ের চেষ্টা করছেন তারা। অনেক বেশি অনিয়ম-দুর্নীতি ছিল। এগুলোকে পরিস্কার করে একটি চমৎকার বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা শেষ নিঃম্বাস পর্যন্ত বাংলাদেশের জন্য কাজ করে যাবো।’
তিনি বলেন, ‘নাটোরের তিন এমপির চেয়ে আমি বয়সে ছোট। আমি নাটোরের সব এমপিদের কাছ থেকে সহযোগিতা চাই। আমরা সকলে মিলে সুন্দর পরিচ্ছন্ন নাটোর গড়তে পারি, সে বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। জনগণের ওপর দায়বদ্ধতা থেকে কাজ করে আমরা নাটোরের উন্নয়ন সাধন করবো।’