—ছবি মুক্ত প্রভাত
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) ও বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধা বাঁশবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সুজাউদ্দৌলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের উপস্থিতিতেই দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।