—ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবুল মিয়া (১২) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া ওই গ্রামের আবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে ঘুজিয়াখাইল এলাকায় ফুটবল খেলা নিয়ে বাবুলের সঙ্গে স্থানীয় কয়েকজন কিশোর ও যুবকের হাতাহাতি হয়। এর পর থেকে বাবুল নিখোঁজ ছিল। স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাচ্ছিলেন না। রাত আটটার দিকে গ্রামের একটি ঝোপঝাড়ের ভেতর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের সদস্য খাইরুল পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রাতের আঁধারে তাকে কুপিয়ে হত্যা করেছে।
খবর পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার পুলিশ জানায়, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।