—ছবি সংগৃহিত
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
শনিবার ভোরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জায়নামাজ হাতে জাতীয় ঈদগাহের দিকে ছুটতে দেখা যায় ধর্মপ্রাণ মানুষকে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্যান্ডেলের নিচে সমবেত হন হাজারো মানুষ। নারীদের জন্য ছিল আলাদা প্রবেশপথ ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন মন্ত্রিপরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। নামাজ শেষে চিরাচরিত প্রথা অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে ওঠেন মুসল্লিরা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় এবার প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ৩ হাজার ৫০০ জন নারীর জন্য ছিল বিশেষ ব্যবস্থা। পর্যাপ্ত ওজুখানার পাশাপাশি কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল মেডিকেল টিম। পুরো এলাকা জুড়ে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
নামাজ শেষে ঈদগাহ থেকে বের হওয়ার সময় অনেককেই একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও সেলফি তুলতে দেখা যায়। অনেকের চোখেমুখেই ছিল এক মাস রোজা রাখার পর পরম তৃপ্তির ছাপ।