—ছবি মুক্ত প্রভাত
নাটোরের সিংড়ায় ২০ জন এতিম শিশুর মুখে হাসি ফোটাতে ঈদের নতুন পোশাক উপহার দিয়েছেন কলম উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতেই তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কলম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে এসব শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন ওই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের চোখেমুখে খুশির ঝিলিক দেখা যায়।
এ সময় এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থী মনিরুল ইসলাম, আশরাফুল আলম, শাহ আলম, রবিউল করিম, মাহবুব হাসান, গৌতম কুমার, মাসুদ রানা, সুলতান আহমেদ, সবুজ মিয়া, জহুরুল ইসলাম, লিটন ও কুরবান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, শৈশবের বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। প্রতিবছরই সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তাঁরা। এবারও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরে তাঁরা আনন্দিত।
স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক শিক্ষার্থীদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও উৎসাহিত করবে। পোশাক বিতরণের পর সবাই মিলে একসঙ্গে ইফতারে অংশ নেন।