—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালীর হাতিয়া রুটে প্রবল ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়া একটি যাত্রীবাহী লঞ্চের শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দীর্ঘ ১৭ ঘণ্টা চরে আটকে থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের নিরাপদে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। দিবাগত রাতের শেষ ভাগে ভোলার ইলিশা ঘাটের অদূরে চরভৈরবী এলাকায় পৌঁছালে হঠাৎ প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে লঞ্চটি। ঝড়ের ঝাপটায় নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি একটি ডুবোচরে উঠে যায়।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, মাঝনদীতে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে উঠে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাত থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁরা সেখানে আটকা ছিলেন। আজ ভোরের দিকে জোয়ার এলেও পানির উচ্চতা পর্যাপ্ত না হওয়ায় লঞ্চটি চর থেকে নামানো সম্ভব হয়নি। পরে আটকে পড়া যাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তার অনুরোধ জানান।
খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা উদ্ধারকারী ট্রলার নিয়ে ঘটনাস্থলে যান। সন্ধ্যা নাগাদ সব যাত্রীকে উদ্ধার করে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। যাত্রীরা সবাই সুস্থ আছেন।
লঞ্চটি বর্তমানে চরভৈরবী এলাকায় আটকে আছে। পরবর্তী জোয়ারে লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।