—ছবি মুক্ত প্রভাত
ঈদ উল ফিতরকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিপণিবিতান ও কাপড়ের দোকানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্থানীয় হাট-বাজারগুলো।
উপজেলার চিলমারী সদর, জোড়গাছ বাজার ও থানাহাট বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মার্কেটগুলোতে পোশাকের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে পুরুষ ক্রেতাদের তুলনায় নারী ও শিশু ক্রেতাদের সমাগম এবার অনেক বেশি। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানের সামনে বিভিন্ন নতুন ডিজাইনের পোশাক সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।
জোড়গাছ বাজারের কাপড় ব্যবসায়ী জুয়েল মিয়া ও থানাহাট বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মো. মোহাব্বত আলী জানান, গত বছরের তুলনায় এ বছর ক্রেতাদের ভিড় অনেক বেশি। বিশেষ করে দিনের তুলনায় সন্ধ্যার পর থেকে ক্রেতাদের আনাগোনা বহুগুণ বেড়ে যায়। বেচাকেনা ভালো হওয়ায় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।
তবে পোশাকের দাম নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে সাধারণ ক্রেতাদের। আব্দুল জলিল নামের এক ক্রেতা বলেন, “গত বছরের চেয়ে এ বছর পোশাকের দাম অনেকটাই বেশি। এই বাড়তি দামের কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের কেনাকাটা করতে বেশ হিমশিম খেতে হচ্ছে।”
ব্যবসায়ীরা জানান, সকাল ১০টার পর থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে উপজেলার সব কটি মার্কেটেই ঈদের কেনাকাটার ধুম পড়েছে।