—ছবি মুক্ত প্রভাত
নির্বাচন সামনে রেখে সাধারণত সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানার ও ফেস্টুনে পুরো শহর ছেয়ে ফেলেন। কিন্তু সেই প্রথাগত প্রচারণার পথ মাড়াননি নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম বুলেট। নিজের প্রচারণায় ব্যানার-ফেস্টুনে অর্থ ব্যয় না করে সেই টাকায় অসহায় শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দিয়েছেন ঈদ উপহার।
শনিবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় তিন শতাধিক রিকশাচালক, দিনমজুর, পথচারী এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের হাতে লাচ্ছা সেমাই ও চিনি তুলে দেন তিনি। রফিকুল ইসলাম বুলেট সিংড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও চামারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা বিএনপির সদস্য খাইরুজ্জামান ছিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, পরিবেশকর্মী হাসিবুল হাসান শিমুল প্রমুখ।
ঈদ উপহার বিতরণ শেষে রফিকুল ইসলাম বুলেট বলেন, “ঈদ সবার জন্য আনন্দের। কিন্তু সমাজের অনেক শ্রমজীবী মানুষ অভাবের কারণে উৎসবের দিনেও ভালো খাবার জোটাতে পারেন না। আমার প্রচারণার জন্য যে ব্যানার-ফেস্টুন তৈরি করতাম, সেই টাকা বাঁচিয়ে অন্তত ৩০০টি পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। আমি মনে করি, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু ভোট চাওয়া নয়, বরং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, শুধু নির্বাচন নয়, যেকোনো উৎসব বা আনন্দ আয়োজনে সাধারণ মানুষের পাশে থাকাটাই তার লক্ষ্য।
তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। সিংড়া বাসস্ট্যান্ডে রিকশা চালানো রহিম মিয়া বলেন, “নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলেন, কিন্তু কেউ আমাদের মতো গরিব মানুষের কথা ভাবে না। ব্যানার-ফেস্টুন না টাঙিয়ে সেই টাকা দিয়ে আমাদের সেমাই-চিনি দেওয়াটা অনেক বড় মনের পরিচয়।”